ভালুকায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, যানজট, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন,ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “ভালুকা একটি শিল্পসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে একটি আধুনিক ও নিরাপদ ভালুকা গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ফিরোজ হোসেন বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অপরাধ নিয়ন্ত্রণ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং জনসেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।”
বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, কিশোর গ্যাং, যানজট ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































